জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন। গতকাল রোববার রাত ১১টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে গত ২ জুলাই স্পিকার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে তিনি বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন এবং মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন।
সফরকালে স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শোকাহত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকবার্তা পৌঁছে দেন।
আলোচনায় স্পিকার সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি-সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
আপনার মতামত লিখুন :