প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী বছরের অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে তিনি জানান, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনগণের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, দেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ সমস্যা মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খাদ্য ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বন্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটক এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য সব ক্ষেত্রে অপরাধ হিসেবে বিবেচিত হয় না। বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলতে পারে।
আপনার মতামত লিখুন :