বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বমঞ্চে সম্মান ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হচ্ছে ‘বাংলাদেশ নীতি’কে। এই নীতির আলোকে দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী করে গড়ে তোলা হবে।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করছে। জাতীয় নিরাপত্তা কৌশলের ভিত্তি হিসেবে ‘বাংলাদেশ নীতি’কে ধারণ করে প্রতিরক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পরিসরে সুনাম ও মর্যাদার অধিকারী। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেই গৌরবময় ঐতিহ্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, প্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি বর্তমানে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নানা ধরনের নতুন নিরাপত্তা হুমকি বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সময়োপযোগী ও কার্যকর কৌশল গ্রহণের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :