সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ০২:৪৬ পিএম

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি (ত্রিমাত্রিক বা অন্য যেকোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার।

রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে এখন থেকে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপস্থাপিত তথ্য হতে হবে প্রাসঙ্গিক, সামঞ্জস্যপূর্ণ এবং অনুষ্ঠানের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এতে আরও বলা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।

পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

Link copied!