টাঙ্গাইলের মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে গাঁজা গাছ, গাঁজার পাতা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কড়াইল গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. রিপন (৪৯) নামে এক ব্যক্তির বসতবাড়ির আঙিনা থেকে রোপণকৃত তিনটি গাঁজা গাছ এবং একটি সিনথেটিক ব্যাগে রাখা ১৪০ গ্রাম গাঁজার পাতা উদ্ধার করা হয়। এ সময় রিপনকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে অপর একটি অভিযান চালানো হয়। মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মো. লাবলু মিয়া (৩২) নামে এক যুবককে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লাবলুকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :