তারাকান্দায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

তারাকান্দায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের তিন দিন পর আব্দুল্লাহ (৩০ মাস) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের এনামুল হকের ৩০ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ গত ৮ জুলাই বুধবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে সেদিনই শিশুটির পরিবার তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

জিডির পর তারাকান্দা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী আনোয়ার শিশুটির বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি খালে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে শিশুটির লাশ দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দিলে তারা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শিশুটির বাবা এনামুল হক অভিযোগ করেন, তার বড় ভাইয়ের মেয়ের জামাই একই গ্রামের রমজান মিয়ার সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে রমজান মিয়ার স্ত্রী শিশু সন্তানসহ দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে অবস্থান করছিলেন। তার দাবি, রমজান ভুলবশত অন্য কাউকে দিয়ে তার ছেলে আব্দুল্লাহকে অপহরণ করে হত্যা করিয়ে থাকতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিয়াম সরিষা
Link copied!