মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপি নেতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১১:৪৪ পিএম

মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপি নেতার

ময়মনসিংহের গৌরীপুরে পরিবহন শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশিত একটি সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। এ ঘটনায় সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা বিএনপির নেতারা।

শনিবার (১১ জুলাই) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ৭ জুলাই অনলাইন সংস্করণ এবং ১০ জুলাই মুদ্রিত সংস্করণে প্রকাশিত “গৌরীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ড: ৩ বিএনপি নেতা বহিষ্কার হলেও গ্রেপ্তার নেই, ক্ষুব্ধ পরিবার” শীর্ষক সংবাদটি মনগড়া ও অসত্য। ওই প্রতিবেদনে তাকে শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ডের সঙ্গে তার কিংবা গৌরীপুর উপজেলা বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। নিহতের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার সেলিনা বাদী হয়ে গৌরীপুর থানায় যে মামলা দায়ের করেছেন, সেখানে তার নাম উল্লেখ নেই। এছাড়া নিহতের পরিবারের দেওয়া ভিডিও ও অডিও বক্তব্যেও তার সম্পৃক্ততার কোনো অভিযোগ করা হয়নি বলে তিনি জানান।

হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, “শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ড একটি নিন্দনীয় ঘটনা। যেকোনো ধরনের হত্যা, নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার। প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, দল কোনোভাবেই অপরাধীদের দায় নেবে না এবং ভিত্তিহীন ও এজেন্ডাভিত্তিক সংবাদ প্রকাশের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, শফিকুল ইসলাম তালুকদার ও একেএম আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন খোকন ও হারুন অর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সিয়াম সরিষা
Link copied!