জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় পৃথক দুটি ধারায় এমরান হোসেন (২৮) নামের এক আসামিকে যাবজ্জীবন ও দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয় ধারায় তাঁর ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এমরান হোসেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। সে মামলায় জামিন নেওয়ার পর থেকে পলাতক আছে। তাঁর অনুপস্থিতিতে মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০২১ সালের ৭ নভেম্বর পাঁচবিবির উত্তর গোপালপুর মাঠ থেকে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও নেশাজাতীয় ভারতীয় ৭৯০ পিস ইঞ্জেকশনের অ্যাম্পুল নিয়ে পালানোর সময় পাঁচবিবির আটাপাড়া বিওপির বিজিবি সদস্যরা আসামি এমরান হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে বিজিবি সদস্যরা উল্লেখিত মাদক উদ্ধার করে।
পরে এ ঘটনায় আটাপাড়া বিওপির নায়েক সুবেদার মহাতাব উদ্দিন পাঁচবিবি থানায় এমরান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: মাসুদ আলম খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আহসান হাবীব চপল।

আপনার মতামত লিখুন :