ভাঙা বাসের চালকের আসনে তারেক রহমানকে বসানো হয়েছে : সিরাজদিখানে হাসনাত আবদুল্লাহ

আনিছুর রহমান রুবেল , ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০১:১৮ এএম

ভাঙা বাসের চালকের আসনে তারেক রহমানকে বসানো হয়েছে : সিরাজদিখানে হাসনাত আবদুল্লাহ

ফাইল ফটো

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বের অবস্থানে আনা হয়েছে। ১৪ই জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিগত বছরগুলোতে দুর্বিষহ যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্র নামের বাসের চাকা পাংচার হয়েছে, ব্রেক ফেল করেছে, কাচগুলো ভেঙে গেছে। আমরা বলেছিলাম, সেগুলো সংস্কার করে জনাব তারেক রহমানকে চালকের আসনে বসান। কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে তাকে ভাঙা বাসের চালকের আসনে বসানো হয়েছে।’

সংবিধান ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যদি বারবার সংবিধানের দোহাই দেয়, তাহলে বলতে চাই- সংবিধান অনুযায়ী তো ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা ছিল, ২০২৪ সালে নয়। সংবিধান যদি অক্ষরে অক্ষরে মানতেই হয়, তাহলে তারেক রহমানের লন্ডনে থাকার কথা, সালাউদ্দিন আহমদের শিলংয়ে থাকার কথা এবং হাজার হাজার নেতাকর্মীর ধানক্ষেতে থাকার কথা।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারা ভালো নেই। বরং ভালো আছেন ৫ আগস্টের পর দলে অনুপ্রবেশকারীরা। বিএনপিতে বঞ্চিত সংগ্রামী নেতাদের জন্য এনসিপির দরজা খোলা। তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন।’

সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হেদায়েত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক এবং সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Link copied!