সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাই পাথর উদ্ধারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। অভিযানে বেশ কিছু আস্ত ও ভাঙা পাথর জব্দ করে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে জব্দ করে নিয়ে আসা হয়।
তবে অভিযানে কত পরিমাণ পাথর জব্দ করা হয়েছে- এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘অভিযানে কী পরিমাণ পাথর জব্দ করা হয়েছে, তা আমার জানা নেই। উদ্ধারকৃত পাথরগুলো ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তবে ট্রাক ও ট্রাক্টর দিয়ে কতগুলো পাথর আনা হয়েছে, তা আমি বলতে পারবো না।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মনাফ ও সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। তারা সাংবাদিকদের বলেন, একটি ট্রাক্টরে সাধারণত দেড়শ’ থেকে ২শ’ ঘনফুট এবং একটি বড় হাইড্রলিক ট্রাকে প্রায় ৫০০ ঘনফুট পাথর পরিবহন করা সম্ভব।’
সাংবাদিকদের তথ্য না দেওয়ার কারণ জানতে চাইলে বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল বলেন, ‘অভিযানের তথ্য সাংবাদিকদের দেওয়া উচিত ছিল ইউএনওর। কিন্তু কেন দিলেন না, সেটা বুঝতে পারছি না। তবে মাঝে মধ্যে তিনি জব্দকৃত পাথর বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদে দিয়ে থাকেন।’সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, জব্দকৃত পাথরগুলোর মধ্যে এক গাড়ি ভাঙা পাথর ছাড়া বাকি পাথরগুলো ইউএনওর সরকারি বাসভবনের পাশের উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারের ভেতরে রাখা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, অভিযানে দুটি হাইড্রলিক ট্রাকে প্রায় দেড় হাজার ঘনফুট ভাঙা পাথর এবং ছয়টি ট্রাক্টরে প্রায় ১ হাজার ২০০ ঘনফুট আস্ত পাথর জব্দ করা হয়। এর মধ্যে এক গাড়ি ভাঙা পাথর ও ছয় গাড়ি আস্ত পাথর উপজেলা পরিষদের কোয়ার্টারের ভেতরে রাখা হলেও অপর একটি গাড়ি ভাঙা পাথরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা বলেন, ‘ইউএনও কত গাড়ি পাথর জব্দ করেছেন, সেটা বলতে পারতেন। কেন বললেন না, সেই বিষয়টি খোঁজ-খবর নিচ্ছি। এ অভিযানের তথ্য এখনো আমাদের কাছেও আসেনি। তথ্য এলে কী ধরনের পাথর জব্দ করা হয়েছে, তা জানাতে পারবো।’

আপনার মতামত লিখুন :