ডাকাতির প্রস্তুতিকালে কালিয়াকৈরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০২:২৩ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে কালিয়াকৈরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়ার চর গ্রামের জোরান মিয়ার ছেলে আরব আলী, একই জেলার দৌলতপুর উপজেলার আঞ্জু শেখের ছেলে এলাহি, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বড় চালতারা গ্রামের বাবুল আক্তারের ছেলে সাইদ, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের জামাল উদ্দিনের ছেলে মামুন হোসেন এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার চেরেঙ্গা গ্রামের মহির উদ্দিনের ছেলে রশিদুল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রাইভেট কারে তুলে নিয়ে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের গতিবিধির ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, পিপিএম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।"

এদিকে সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর আশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

সিয়াম সরিষা
Link copied!