রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, "হাসপাতাল থাকবে হাসপাতালের মতো, আর সেবা থাকবে সেবার মতো। গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ততই পাশে থাকবে।"শুক্রবার বিকেলে হাসপাতালটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, কেউ যদি এ হাসপাতালে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, হাসপাতালটিতে দক্ষ চিকিৎসক রয়েছেন। ভবিষ্যতে প্রয়োজন হলে চিকিৎসাসেবার মানোন্নয়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
মো. শফিকুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন, দল-মত নির্বিশেষে এলাকার সব মানুষ এই হাসপাতালে সুন্দর পরিবেশে মানসম্মত ও সঠিক চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে রোগীদের দ্রুত, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি হাসপাতালের মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও পরিবেশসম্মত উপায়ে অপসারণের ওপরও গুরুত্বারোপ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :