খিলক্ষেতে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দী পাঁচ এলাকা

একেএম রুহুল আমিন স্বপন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০৩:৫৪ পিএম

খিলক্ষেতে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দী পাঁচ এলাকা

ফাইল ফটো

টানা বর্ষণে রাজধানীর খিলক্ষেত এলাকার বাজার, খাপাড়া, টানপাড়া, জামতলা, পুরান বাজার এবং নিকুঞ্জ-২ এলাকার বিস্তীর্ণ অংশ ভয়াবহ জলাবদ্ধতায় ডুবে গেছে। রাস্তাঘাট, অলিগলি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, নিকুঞ্জ-২ এর ১ নম্বর থেকে ২১ নম্বর রোড হয়ে লি মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশ পর্যন্ত প্রধান সড়কে হাঁটুসমান পানি জমে রয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

জলাবদ্ধতার কারণে কয়েকটি বাসার বিদ্যুৎ মিটার পানিতে তলিয়ে গেছে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। একই সঙ্গে জান-ই আলম সরকার উচ্চ বিদ্যালয়ের ভেতরেও পানি প্রবেশ করেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ ও প্রবেশপথ প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, লি মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে রেললাইনের পাশের বনরূপা এলাকার কাছে থাকা একটি সুইস গেটের মুখ দীর্ঘদিন ধরে সংকীর্ণ হয়ে আছে। এছাড়া সেখানে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। তাদের অভিযোগ, এ কারণেই সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে। স্থায়ী সমাধানের আশ্বাস মিললেও কার্যকর উদ্যোগের অভাবে বছরের পর বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দ্রুত সুইস গেট পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে, যাতে ভবিষ্যতে খিলক্ষেতবাসীকে এ ধরনের দুর্ভোগ পোহাতে না হয়।

সিয়াম সরিষা
Link copied!