পরিবেশের ছাড়পত্র ও বিএসটিআই অনুমোদন ছাড়া ব্যাটারি উৎপাদন, ধামরাইয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০৫:৩৩ পিএম

পরিবেশের ছাড়পত্র ও বিএসটিআই অনুমোদন ছাড়া ব্যাটারি উৎপাদন, ধামরাইয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার দায়ে ‘শোভা ব্যাটারি ফ্যাক্টরি’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

দুপুর দেড়টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরিবেশের ক্ষতি এবং প্রচলিত আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, “জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় অনুমোদনহীন ও অবৈধ শিল্প-কারখানার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না।”

Link copied!