ভিডিও করে টাকা আদায়, এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আটক ৩

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৯:০০ এএম

ভিডিও করে টাকা আদায়, এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আটক ৩

ফাইল ফটো

মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, টাকা আদায় এবং একটি বাসায় আটকে রাখার অভিযোগে রাজধানীর ভাটারা থেকে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাটারা থানার জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সাকিব, ওয়াসিদ ও জিল। সাকিব ও ওয়াসিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর জিল এইচএসসি পরীক্ষার্থী।

ভুক্তভোগীর অভিযোগ, শনিবার সকালে ওয়াসিদ তাকে ওই বাসায় নিয়ে যান। সেখানে সাকিবসহ তিনজন একসঙ্গে মাদক সেবন করেন। পরে ওয়াসিদ তার মাদক সেবনের ভিডিও ধারণ করে সেটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। প্রথমে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা নেওয়া হলেও পরে আরও টাকা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে বাসার ভেতরে আটকে রাখা হয়।

বাসার বারান্দা থেকে চিৎকার শুনে দারোয়ান ও স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ বলেন, একটি বাসায় কয়েকজন মাদক সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং টাকা দাবির অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!