আদমজী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০১:১৪ পিএম

আদমজী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভোর ৪টার দিকে ইপিজেডের অভ্যন্তরে অবস্থিত রফতানিমুখী পোশাক কারখানা অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোটা গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পর্যায়ক্রমে আরও ৮টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের টানা চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ততক্ষণে গোডাউনে মজুদকৃত বিপুল পরিমাণ কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অগ্নিকাণ্ডের ঘটনায় ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিয়াম সরিষা
Link copied!