স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, “আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দুর্যোগ মোকাবিলা করার সকল প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে, যাতে করে বন্যা কবলিত মানুষের পাশে আমরা থাকতে পারি। সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আমরা বন্যা কবলিত মানুষের জন্য ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”
শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী, বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড কুচপাড়ার মাতামুহুরী নদীর ভাঙন এবং বিলীন হওয়া বাড়িঘরসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের যে সমস্ত এলাকা ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারমধ্যে কী ক্ষতি হয়েছে, এর উপর সরকারিভাবে জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, গবাদি পশু, কৃষকের ফসলসহ সবকিছুর। সেই জরিপের ফলাফলের মাধ্যমে সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি, বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াব।”
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরও বলেন, “ইতিমধ্যে বন্যা কবলিত এলাকায় যেখানে, যেখানে রান্না করা খাবার দরকার ছিল, সেখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এরপর শুকনো খাবার, খাদ্য সামগ্রীসহ অন্যান্য সুবিধা সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে দেওয়ার চেষ্টা আমরা করেছি।”
সকাল থেকেই তিনি সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং নিজ হাতে তাঁদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন - কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবি'র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ অন্যান্যরা।
আগামীকাল শনিবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের নির্ধারিত কর্মসূচি রয়েছে।

আপনার মতামত লিখুন :