ঢাকার ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাটাগেট এলাকায় চার যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কের সংশ্লিষ্ট লেনে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। নিহতরা হলেন আবাস সাহা ও সুজয় সাহা। দুর্ঘটনাস্থলে তাঁদের কাছে থাকা পরিচয়পত্র থেকে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাই।
জানা গেছে, নিহত আবাস সাহা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপরদিকে সুজয় সাহা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে এবং তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক রহমান জানান, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস বিকল হয়ে মহাসড়কের মাঝের লেনে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে একটি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান এবং দুটি মোটরসাইকেল অবস্থান করছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :