জলবায়ু সহনশীলতায় মোংলায় ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

মোঃ ইশতিয়াক আহমেদ , মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০৮:১৮ পিএম

জলবায়ু সহনশীলতায় মোংলায় ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

ফাইল ফটো

উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবারের পুষ্টি ও অতিরিক্ত আয়ের উৎস তৈরির লক্ষ্যে মোংলায় ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সিইআইপি) আওতাধীন ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে বসতবাড়িতে গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার ব্রাহ্মণমেঠ জগন্নাথ মন্দির মাঠে এ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রয়্যাল ড্যানিশ দূতাবাসের সহায়তায় পরিচালিত এ প্রকল্পের উদ্যোগে চারাগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্মকর্তা তৃপ্তি সরদার, রাশেদ খান, মাসুম মিয়াসহ স্থানীয় যুবনেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “মোংলা একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা। এখানকার মানুষকে প্রতিনিয়ত লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হয়। সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে, যা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণের মাধ্যমেই সফল হবে। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্বও সবাইকে নিতে হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, “উপকূলীয় এলাকার লবণাক্ত মাটিতে সব ধরনের গাছ টিকে থাকতে পারে না। তবে সফেদা, কদবেল ও মেহগনি এ পরিবেশের জন্য উপযোগী। সঠিক পদ্ধতিতে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে এগুলো দ্রুত বেড়ে উঠবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।”

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় ব্র্যাক মোংলা উপজেলার চাঁদপাই, চিলা, মিঠাখালী ও সোনাইলতলা ইউনিয়নের প্রায় ৩ হাজার ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে সফেদা, কদবেল ও মেহগনি প্রজাতির প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করছে। স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীর সম্পৃক্ততায় বাস্তবায়িত এ কার্যক্রম উপকূলীয় অঞ্চলের দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সিয়াম সরিষা
Link copied!