৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস-২০২৬ ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন এবং সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম।
এছাড়াও সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইফতি আব্দুল্লাহর মা, শহীদ মাহমুদুল হাসান জয়ের বাবা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, স্থানীয় জুলাই যোদ্ধা, সাংবাদিকবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রস্তুতিমূলক সভায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস-২০২৬ উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :