গাজীপুরে অফিস থেকে দুই নিষিদ্ধ সংগঠনের নেতা আটক: পরদিনই ছাত্রদল নেতা নাঈম বহিষ্কার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম

গাজীপুরে অফিস থেকে দুই নিষিদ্ধ সংগঠনের নেতা আটক: পরদিনই ছাত্রদল নেতা নাঈম বহিষ্কার

ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাঈম শিকদারের অফিস থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করার ঘটনার একদিনের মাথায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাঈম শিকদারকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়, গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী নাঈম শিকদারকে বহিষ্কার করা হয়েছে।” এর আগে, গত ২৭ জুলাই রাতে শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম শিকদারের অফিসে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর মেট্রোপলিটন থানার একটি মামলায় আটক করে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পরদিনই জেলা ছাত্রদল নাঈম শিকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করে। দলীয় সূত্র বলছে, ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগে ‘শূন্য সহনশীলতা’ নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!