কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভায় জেলার বিভিন্ন থানা, সার্কেল ও ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশ উন্নয়নসংক্রান্ত বিষয় পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে অনুসরণ, বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যের সততা, জবাবদিহিতা ও মানবিক আচরণই বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে। তাই জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সভায় গত জুন ২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি হিসেবে অর্থ পুরস্কারের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নে জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :