ত্রিপুরা থেকে প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস শুভেচ্ছা উপহার

আশরাফ উজ্জ্বল , কসবা (বি-বাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০৪:৪৩ পিএম

ত্রিপুরা থেকে প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস শুভেচ্ছা উপহার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি বিখ্যাত 'কিউ জাতের আনারস' পাঠিয়েছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি বক্সে প্যাকেটজাত এসব আনারস বাংলাদেশে পৌঁছায়।জানা গেছে, ১০০টি বক্সে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস রয়েছে এবং প্রতিটি আনারসের গড় ওজন ১ কেজিরও বেশি।

আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে আনারস গ্রহণ করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসুলার অফিসার পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি বিভাগের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা। তারা আনুষ্ঠানিকভাবে আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে।"এই উপহারকে দুই প্রতিবেশী অঞ্চলের সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সিয়াম সরিষা
Link copied!