জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার হোমনায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের একার নয়; আওয়ামীলীগ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সবারই এ গণঅভ্যুত্থানের অংশীদারিত্ব রয়েছে। তিনি জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি), হাজী আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সরকার, মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, সাইফুল ইসলাম (ভিপি রাজা, শাহ আলম হিমেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জুলাই যোদ্ধারা আন্দোলনের দিনগুলোর অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাদের উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো ও সম্মাননা প্রদান করা হয় এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :