বাবার সঙ্গে ঘুরতে এসে নদীতে পড়ে নিখোঁজ শিশু, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬, ০৫:১৮ পিএম

বাবার সঙ্গে ঘুরতে এসে নদীতে পড়ে নিখোঁজ শিশু, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের পলাসোনা নদীর ঘাটে বাবার সঙ্গে বেড়াতে এসে নৌকা ভ্রমণের সময় নদীর পানিতে পড়ে ওয়াসিক রিয়ান (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওয়াসিক রিয়ান তার বাবার সঙ্গে পলাসোনা নদীর ঘাটে চা খেতে বেড়াতে যায়। একপর্যায়ে নৌকা ভ্রমণ শেষে ঘাটে নামার সময় অসাবধানতাবশত আরেকটি নৌকা এসে পিছন থেকে ধাক্কা দিলে সে নৌকা থেকে নদীর পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই স্রোতের পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ শিশু মো. ওয়াসিক রিয়ান (৮) দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার সাহিদের ছেলে। বর্তমানে পরিবারটি গাজীপুর মহানগরীর বাসন থানার ইসলামপুর কড্ডা এলাকায় বসবাস করছে।

ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ব্যাপক তল্লাশি শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি দলের উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। স্বজনরা নদীর তীরে অবস্থান করে শিশুটির সন্ধানের অপেক্ষায় রয়েছেন।

এবিষয়ে টঙ্গী নৌ-পুলিশফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে একটি টহল বোট পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!