৬ আগস্ট নয়, ৫ আগস্টই অভ্যুত্থান হবে পরিকল্পনা ছিল আগে থেকেই’: জেলা প্রশাসক

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ পিএম

৬ আগস্ট নয়, ৫ আগস্টই অভ্যুত্থান হবে পরিকল্পনা ছিল আগে থেকেই’: জেলা প্রশাসক

ফাইল ফটো

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, পুলিশের গুলি ও গোলাবারুদের সক্ষমতার হিসাব কষেই ৫ আগস্ট গণঅভ্যুত্থানের তারিখ নির্ধারণ করা হয়েছিল।বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জুলাই আন্দোলনে আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন, “এটি কারও না কারও পরিকল্পনা ছিল। পুলিশ কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে, তাদের গুলি ও অ্যামুনিশনের সক্ষমতা কতদিন থাকবে—সেই হিসাব করেই পরিকল্পনা করা হয়েছিল। সেই হিসাবের ভিত্তিতেই গণমাধ্যমে বলা হয়েছিল, ৬ আগস্ট নয়, ৫ আগস্টই অভ্যুত্থান বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, “যেখান থেকে নাহিদ আসিফ গ্রেপ্তার হয়েছিল, সেদিন সেখানে কিছুক্ষণ আগেই আমিও ছিলাম। আপনারা সামনে থেকে যুদ্ধ করেছেন, গুলি খেয়েছেন। আমরা এমন কিছু মানুষ ছিলাম, যারা পেছন থেকে যুদ্ধ করেছি।”

বক্তব্যের একপর্যায়ে জেলা প্রশাসক জুলাই আন্দোলনে আহতদের সরকারি বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং জুলাই আন্দোলনে আহত প্রতিনিধিরা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ আন্দোলনে আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

Link copied!