কালিয়াকৈর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ টিনশেড কক্ষ, যানজটে বিলম্ব ফায়ার সার্ভিসের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬, ০৭:০৪ পিএম

কালিয়াকৈর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ টিনশেড কক্ষ, যানজটে বিলম্ব ফায়ার সার্ভিসের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি টিনশেড কক্ষ পুড়ে গেছে। সোমবার দুপুরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নাঈম নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে। আগুনে কয়েকটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় যুবকরা পানি ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে আগুন নেভানোর কাজে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসে এবং আশপাশের আরও ঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

স্থানীয়দের অভিযোগ, কালিয়াকৈর বাজারের তীব্র যানজট ও ঘটনাস্থলে যাওয়ার সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছাতে পারেনি। তাদের ভাষ্য, বাজার থেকে ঘটনাস্থলে স্বাভাবিক সময়ে পৌঁছাতে যেখানে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে, সেখানে যানজটের কারণে অনেক বেশি সময় লেগে যায়। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডের সময় অনেকেই মানবিক দায়িত্ব পালন করে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে অংশ নিলেও কিছু ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে ব্যস্ত ছিলেন। এমন আচরণ জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজকে ব্যাহত করেছে বলে অভিযোগ তাদের।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা কালিয়াকৈর বাজার এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, বাজার এলাকায় পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি যানবাহনের জন্য নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়বে। জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন।

Link copied!