সিলেট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ঠিকাদার সাইফুল

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬, ০৭:১৭ পিএম

সিলেট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ঠিকাদার সাইফুল

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ঠিকাদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম (৫৫)। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই সফরসঙ্গী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ঠিকাদার সাইফুলসহ মোট নয় জন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সাইফুল ইসলাম, ফারুকুল ইসলাম, জমরুত মিয়া, মো. রানা ও আব্দুল লতিফ—এই পাঁচ বন্ধু সিলেট ভ্রমণে যান। ভ্রমণ শেষে শুক্রবার সকালে সাইফুল ইসলাম, ফারুকুল ইসলাম ফারুক ও আব্দুল লতিফ ইউনিক পরিবহনের বাসে কুলিয়ারচরের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে জমরুত মিয়া ও মো. রানা বিমানে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। পথে ওসমানীনগরে পৌঁছালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

আহত আব্দুল লতিফ জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি সিলেট থেকে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর এলাকায় বিপরীতমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

গুরুতর আহত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক বলেন, “যেহেতু সকাল সকাল জার্নি, আমরা বাসে উঠেই ঘুমিয়ে পড়ি। পরবর্তীতে দেখি বাস সড়কের নিচে। আমাকে অ্যাম্বুলেন্সে করে কিছু মানুষ হাসপাতালে নিয়ে আসে এবং জানতে পারি আমার বন্ধু সাইফুল ইসলাম মারা গেছে।”

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি পেশায় ঠিকাদার ছিলেন এবং কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

এই ঘটনায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ভৈরব-কুলিয়ারচরের নির্বাচিত সাংসদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে নিহত সাইফুলের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন।

নিহত সাইফুল ইসলামের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কুলিয়ারচরে শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহকর্মী ও পরিচিতজনেরা তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সিয়াম সরিষা
Link copied!