মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার

ইলিয়াস হোসাইন , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬, ১২:৩০ পিএম

মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার

ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, ৮ আগস্ট ২০২৬ তারিখ রাত ৩টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকধ্বজপুর গ্রামের রাশেদুলের বাড়ির পাশে কারবালা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. মাজেদুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ভারতীয় সিরাপ (Eskuf Syrup) উদ্ধার করা হয়।

এর আগে ৭ আগস্ট রাত ১১টা ২৫ মিনিটের দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে আলিমের পাটখেতের মধ্যে অভিযান চালানো হয়। হাবিলদার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া ৮ আগস্ট রাত ১টার দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানে ৬৮ বোতল ভারতীয় মদ ও ১২ বোতল সিরাপ (Eskuf Syrup) উদ্ধার করা হয়।

একই দিন ভোর ৫টা ১০ মিনিটের দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৯/২-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারগোপালপুর এলাকার মো. আজমের পাটখেতে অভিযান চালানো হয়। মো. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!