কালিয়াকৈরে লাইসেন্স না থাকায় হাসপাতালকে জরিমানা

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৩৪ পিএম

কালিয়াকৈরে লাইসেন্স না থাকায় হাসপাতালকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে প্রয়োজনীয় বৈধ লাইসেন্স, কাগজপত্র ও দক্ষ জনবল না থাকায় একটি বেসরকারি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কালিয়াকৈর বাইপাস এলাকায় অবস্থিত ‘কালিয়াকৈর জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার’ (পূর্বের নাম ছিলো দেওয়ান ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার) এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না নিয়েই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও দক্ষ জনবল সংক্রান্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি। এমন অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তা না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা না করতে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, "প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও দক্ষ জনবল না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করা জরুরি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!