কুয়েট ও পর্তুগালের আইএসটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মোঃ মামুন মোল্লা , খুলনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ০৫:৫৫ পিএম

কুয়েট ও পর্তুগালের আইএসটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুয়েটের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। পর্তুগালের আইএসটির পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর ড. এস. এম. সোহেল মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর উপ-পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার। সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্রফেসর রজেরিও কোলাসো।

এই সমঝোতা স্মারকের আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও স্থাপত্যসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী বিনিময়, যৌথ গবেষণা, মাস্টার্স ও ডক্টরাল থিসিসের যৌথ তত্ত্বাবধান, গবেষণা সভা ও সম্মেলন আয়োজন এবং বৈজ্ঞানিক উপকরণ, প্রকাশনা ও তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কুয়েটের আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, দপ্তর/শাখা প্রধান এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!