সিংগাইরে ধলেম্বরী নদীতে অবৈধ জাল ধ্বংস, নিয়মিত অভিযানের ঘোষণা

এস এম সানোয়ার , সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ০৫:৫৭ পিএম

সিংগাইরে ধলেম্বরী নদীতে অবৈধ জাল ধ্বংস, নিয়মিত অভিযানের ঘোষণা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ধলেম্বরী নদী ও এর শাখা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নদীর জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে পরিচালিত এই অভিযানে প্রায় তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নদী থেকে ৫০টি চায়না জাল, ৪০টি বেহুন্দি জাল এবং প্রায় ৫০০ মিটার কারেন্ট জালসহ মোট প্রায় তিন হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী, চান্দহর ইউনিয়নের এনইটি লিভ মো. ফুতুন মিয়া পুতুন, প্রশাসন ও মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়া শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর প্রাকৃতিক পরিবেশ ও দেশীয় মাছের প্রজননক্ষেত্র সুরক্ষা এবং অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ব্যবহার এবং নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Link copied!