শ্যামনগরে ঝুঁকিপূর্ণ সুইচগেট: আতঙ্কে মৎস্য চাষিরা

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ০৬:২৬ পিএম

শ্যামনগরে ঝুঁকিপূর্ণ সুইচগেট: আতঙ্কে মৎস্য চাষিরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ভামিয়া খালের পাঁচ ছিদ্রের স্লুইসগেটটি যেকোনো মুহূর্তে ভেঙে ভামিয়া, পোড়াকাটলা, দুর্গাবাটী, দাতিনাখালী এলাকায় লোনা পানি প্রবেশ করে প্লাবিত হতে পারে। এর ফলে সাধারণ মৎস্য চাষিরা আতঙ্কিত। ভঙ্গুর ও হেলে পড়া এই ঝুঁকিপূর্ণ স্লুইসগেটটি দিয়ে এলাকার মৎস্য চাষিরা দীর্ঘদিন ধরে ঘেরে পানি নিচ্ছেন। তবে প্রায় এক বছর ধরে স্লুইসগেটটি ভেঙে পড়ে আছে। এতদিন এর সামনে নদীর দিকে বালুভর্তি জিওব্যাগ দিয়ে আটকানো ছিল। কিন্তু বর্তমানে বর্ষা মৌসুমে সেই বাঁধ ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ স্লুইসগেট দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে।

স্লুইসগেটের গোড়ায় ভয়াবহ ফাটল সৃষ্টি হয়ে তীব্র গতিতে পানি ঢুকছে। বুধবার, ১১ আগস্ট, ২০২৬ থেকে শুরু হওয়া অমাবস্যা এবং একইসাথে জোয়ারের কারণে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাধারণ জনগণ ও মৎস্য ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানিয়েছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত না করলে স্লুইসগেটটি ভেঙে জোয়ারের চাপে এলাকা লোনা পানিতে প্লাবিত হয়ে যেতে পারে।

স্লুইসগেটের কান্ট্রি সাইডে প্রায় ২০০ ফুট এলাকার মধ্যে স্লুইসগেট সংলগ্ন রাস্তার পাঁচটি জায়গা ভেঙে গেছে, ফলে চলাচলের রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এলাকা প্লাবিত হলে প্রায় ৫০০০ বিঘা মৎস্য, চিংড়ি ও কাঁকড়া প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

সাধারণ জনগণ এবং মৎস্য চাষিরা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে জিওব্যাগ দিয়ে নদীর দিকের বাঁধ আটকানো প্রয়োজন এবং স্লুইসগেট সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন। কান্ট্রি সাইডের পাঁচটি ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা দরকার। একইসাথে, পাঁচ ছিদ্রের এই গেটটি দীর্ঘস্থায়ীভাবে নির্মাণের জন্য একটি বড় বাজেট প্রয়োজন।

সিয়াম সরিষা
Link copied!