নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চারালকাটা নদী থেকে মজিদুল ইসলাম ওরফে তালিবুল নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার নিতাই ইউনিয়নের চারালকাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তালিবুল ওই ইউনিয়নের কাচারীপাড়া এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে। তিনি বেলতলি বাজারের বিভিন্ন রেস্তোরাঁয় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাত ১১টার দিকে তালিবুল লুঙ্গি, শার্ট, টর্চলাইট ও গুলের কৌটা নদীর তীরে রেখে চারালকাটা ব্রিজের নিচে গোসল করতে নামেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :