সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পাওয়া রাজশাহীর পদ্মার মিডিল চরে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। ফলে নৌপথে যাত্রী পারাপারও বেড়েছে। দর্শনার্থীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এবার নৌকার মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেকডগার ঘাটে নৌকার মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেওয়া হয়। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
রাসিক প্রশাসকের পক্ষে সিটি করপোরেশনের সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘাটে উপস্থিত হয়ে মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করেন। এ সময় নৌযানে যাত্রী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে মাঝিদের সচেতন করা হয়। এ সময় রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লাইফ জ্যাকেট পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নৌকার মাঝিরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই ঘাটে নৌকা চালিয়ে যাত্রী পারাপার করলেও এর আগে মাঝি ও যাত্রীদের নিরাপত্তার জন্য এ ধরনের উদ্যোগ দেখা যায়নি। লাইফ জ্যাকেট পাওয়ায় তারা আনন্দিত। নদীতে নৌকা চলাচলের সময় এটি মাঝি ও যাত্রীদের নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৌকার মাঝিরা আরও বলেন, দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে রাসিক প্রশাসকের নেওয়া এ উদ্যোগকে তারা স্বাগত জানান এবং এজন্য তাকে ধন্যবাদ জানান।
মিডিল চরে বেড়াতে আসা দর্শনার্থী লাবনী আক্তার বলেন, চরে যেতে নৌকায় পদ্মা নদী পার হতে হয়। তাই নৌযাত্রায় নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইফ জ্যাকেটের ব্যবস্থা করায় এখন আগের তুলনায় বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করছেন। দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এমন উদ্যোগ নেওয়ায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে ধন্যবাদ জানান তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মার মিডিল চরে দর্শনার্থীদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নৌযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ উদ্যোগ নৌপথে দুর্ঘটনার ঝুঁকি কমানোর পাশাপাশি মাঝি ও যাত্রীদের মধ্যে নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন :