প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
শনিবার (১৫ আগস্ট) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রাজবাড়ী রোডস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। শওকত হোসেন সরকার বলেন, “আমরা আশা করেছিলাম, চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তাঁর আপসহীন নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা।”
তিনি বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে যে শোকের সৃষ্টি হয়েছে, সেই শোককে শক্তিতে রূপ দিতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে তারেক রহমানের পরিকল্পনা ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অসুস্থ বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে—এমন অভিযোগ করে শওকত হোসেন সরকার বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া তাঁর আদর্শ ও অবস্থান থেকে সরে যাননি। তাঁর নেতৃত্ব ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের ভবিষ্যৎ পথচলার প্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, সদর থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান, হান্নান মিয়া হান্নুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান এলিস।

আপনার মতামত লিখুন :