সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর নৃশংস হামলার ৫ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন গাজীপুরের সাংবাদিকরা। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজপথে নামেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্য দিবালোকে একজন সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পরও ৫দিনে প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। হামলার শিকার শরীফ ওমর টুটুল গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি।
সাংবাদিক নেতাদের অভিযোগ, গত ১৩ আগস্ট গাজীপুর মহানগরের গাছা এলাকায় ‘ইন্ডোসর’ পোশাক কারখানার সামনে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়া চলছিল। খবর পেয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে টুটুলের ওপর হামলা চালানো হয়। এ সময় তার মোবাইল ফোন ভাঙচুর এবং রামদা দিয়ে মাথায় কোপ দেওয়ার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গাছা মেট্রো থানায় মামলা হলেও হামিদ মন্ডল, তার ছেলে সোহেলসহ নয়জন নামীয় আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মো. আখতার হোসেন বলেন, “সাংবাদিকের মোবাইল ভাঙবেন, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে কোপাবেন—এটা সাংবাদিক সমাজ মেনে নেবে না।” তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, “আসামিদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিলে কিংবা কোনো গডফাদার মদদ দিলে তাদের মুখোশও উন্মোচন করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের ওপর আঘাত। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব ব্যবহার করে কেউ আসামিদের রক্ষা করার চেষ্টা করলে সাংবাদিক সমাজ তা প্রকাশ্যে তুলে ধরবে। বক্তারা প্রশ্ন তোলেন, প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পরও পাঁচ দিনে কেন প্রধান আসামিরা গ্রেপ্তার হলেন না। তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি ও গাজীপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, দ্রুত কার্যকর ব্যবস্থা দৃশ্যমান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন গাজীপুরের সাংবাদিকরা।কর্মসূচিতে গাছা থানা প্রেসক্লাব, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, গাজীপুর সাংবাদিক ইউনিটি, গাজীপুর মহানগর প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। গাজীপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন।স্মারকলিপিতে টুটুলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।সাংবাদিক নেতাদের স্পষ্ট বার্তা আসামিদের দ্রুত গ্রেপ্তার না হলে রাজপথের প্রতিবাদ আরও কঠোর হবে।

আপনার মতামত লিখুন :