গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম পিপিএম।
নিহত আজিবর রহমান উপজেলার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিকমাকেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন আজিবর রহমান। এ সময় চলন্ত অটোরিকশায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজনের নাম জানা গেছে।হামলায় গুরুতর আহত আজিবরকে পরে স্থানীয়রা উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে গুরুতর জটিলতা দেখা দেওয়ায় তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়।
এরপরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়।দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিবর রহমান।তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় আজিবরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম পিপিএম বলেন, ‘মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহের পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

আপনার মতামত লিখুন :