গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সরকারি অর্থে কেনা চেয়ার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে ব্যবহারের অভিযোগ উঠেছে। পরিষদের চেয়ার ব্যক্তিগত কার্যালয়ে ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছেন অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার ২ নম্বর চাপাইর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রায় চার কিলোমিটার দূরে কালিয়াকৈর বাজারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে ইউনিয়ন পরিষদের দুটি চেয়ার রাখা রয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে সরকারি অর্থে ইউনিয়ন পরিষদের জন্য ১২টি চেয়ার কেনা হয়। এর মধ্যে দুটি চেয়ার পরিষদ থেকে নিয়ে কালিয়াকৈর বাজারে নিজের ব্যক্তিগত কার্যালয়ে রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন। পরিষদের সচিব একাধিকবার চেয়ার দুটি পরিষদে ফেরত আনার জন্য অনুরোধ করলেও সেগুলো আর ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, কেনা ১২টি চেয়ারের মধ্যে দুটি চেয়ার নেই। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের ওই দুটি চেয়ার সেখানে রাখা হয়েছে। চেয়ার পরিষদে ফেরত না আসার বিষয়ে চাপাইর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক বলেন, “চেয়ারম্যান মহোদয় প্রায় ছয়-সাত মাস আগে পরিষদ থেকে দুটি চেয়ার নিয়ে গেছেন। চেয়ারগুলো পরিষদে ফেরত আনার জন্য তাকে বলা হলেও তিনি ফেরত দেননি। তিনি যেখানে নিয়ে গেছেন, সেখানে আমার আর কী করার আছে।”
অভিযোগের বিষয়ে চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “কালিয়াকৈর বাজারে আমার একটি ব্যক্তিগত অফিস রয়েছে। সেখানে সিনিয়র নেতাকর্মীরা আসেন। তাদের বসানোর জন্য পরিষদ থেকে দুটি চেয়ার নিয়ে যাওয়া হয়েছিল। পরে চেয়ারগুলো আর ফেরত আনা হয়নি। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “ইউনিয়ন পরিষদের চেয়ার ব্যক্তিগত কার্যালয়ে ব্যবহারের কোনো নিয়ম নেই। যদি কেউ এভাবে ব্যবহার করে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি অর্থে কেনা ইউনিয়ন পরিষদের আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগটি স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আপনার মতামত লিখুন :