চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি, পণ্যের গায়ে লেবেল ও মূল্য না থাকা এবং অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (২৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ।

অভিযানে প্রশাসনিক ও তদারকি টিম চকরিয়া পৌরশহরের মগবাজার এলাকার স্টার ব্রেড বেকারিকে ৮ হাজার টাকা, উপজেলা ভূমি অফিস সেন্টারের নবাব বাড়ীর মাংসের দোকানকে ৩ হাজার টাকা, চিরিঙ্গা হাশেম মার্কেটের বোরহান স্টোরকে ২০ হাজার টাকা, চিরিংগা বায়তুশ শরফ রোডের আল মদিনা হোটেলকে ১০ হাজার টাকা এবং পৌরশহরের মিষ্টির দোকান পিউরিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অপরাধে এই ৫টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা হায়দার আলী, চকরিয়া থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) জুয়েল বড়ুয়াসহ পুলিশ সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!