ফুলগাজীতে অতিরিক্ত দামে সার বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জসিম উদ্দিন , ফুলগাজী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ০৫:০২ পিএম

ফুলগাজীতে অতিরিক্ত দামে সার বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

ফাইল ফটো

ফেনীর ফুলগাজীতে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আনন্দপুর ইউনিয়নের মেসার্স অহিদুর রহমান ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি বা বিক্রির প্রস্তাব দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সার ব্যবসায়ীদের সরকারি মূল্য তালিকা অনুসরণ করে বিক্রি এবং ক্রেতাদের জন্য মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, সারের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকদের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

Link copied!