ইয়াছিন ইসলাম হৃদয় ,চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে মোহাম্মদ আরাফ (সাড়ে ৫) ও মোহাম্মদ রিহান (সাড়ে ৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাইমাদারী ঘাটকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরাফ চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী ঘাটকুল এলাকার প্রবাসী মনছুর আলীর ছেলে এবং মোহাম্মদ রিহান বান্দরবান জেলার প্রবাসী আজাদ হোসেনের ছেলে। রিহান বান্দরবান থেকে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে স্থানীয়রা ও স্বজনরা তাদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপক দেবনাথ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল মুবিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :