রেলের মহাপরিচালকের (ডিজি) ব্যক্তিগত সহকারী (পিএস) নাসির উদ্দিনকে ঘিরে নিয়োগ, প্রভাব খাটানো, পারিবারিক বিরোধ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নাসির উদ্দিন একসময় অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসেন এবং ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে পরিচিত ছিলেন। তবে পরবর্তী সময়ে সরকারি চাকরিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও পদে থাকা নিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠতে থাকে।
অভিযোগ রয়েছে, রেলের ডিজির পিএস হিসেবে দায়িত্ব পাওয়ার আগেই নাসির উদ্দিন সংশ্লিষ্ট ডিজিকে এসএমএস করে নিজেকে পিএস হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ওই এসএমএসের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে নাসির উদ্দিনের পারিবারিক জীবন নিয়েও স্থানীয় পর্যায়ে বিভিন্ন তথ্য ও অভিযোগ পাওয়া গেছে। তার প্রথম স্ত্রী তানিয়ার সঙ্গে দাম্পত্য কলহ ও পরবর্তী সময়ে বিচ্ছেদের ঘটনা নিয়ে মামলা হয়েছিল । মামলাটি নিষ্পত্তি করতে বিপুল অর্থ ব্যয় হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজনের দাবি, নাসির উদ্দিনের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক প্রভাবের কারণে তিনি অতীতে সুবিধাজনক জায়গায় পদায়ন পেয়েছেন।
নাসির উদ্দিনের একাধিক বিয়ে এবং কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে নারীদের প্রতি নির্যাতন ও হয়রানির দাবিও রয়েছে। তবে সংশ্লিষ্ট নারীদের বক্তব্য, মামলা বা অন্য কোনো প্রামাণ্য নথি ছাড়া এসব অভিযোগকে সত্য হিসেবে উপস্থাপন করা সমীচীন নয়।
সম্প্রতি রেলের বিভিন্ন অনিয়ম ও বিপুল অর্থের দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের দায়িত্ব পালন, সম্পদের হিসাব, পদায়ন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি উঠেছে।

আপনার মতামত লিখুন :