‘আমরাই বাংলাদেশ’ ফেসবুক পেজসহ তিনজনের নামে জিডি

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৯:০২ পিএম

‘আমরাই বাংলাদেশ’ ফেসবুক পেজসহ তিনজনের নামে জিডি

ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ‘আমরাই বাংলাদেশ’ ফেসবুক পেজসহ কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. জামাল উদ্দিন।

বুধবার (২৬ আগস্ট) করা জিডিতে মো. জামাল উদ্দিন উল্লেখ করেন, নিজ বাড়িতে অবস্থানকালে নিজের ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট দেখার সময় ‘আমরাই বাংলাদেশ’সহ কয়েকটি ফেসবুক আইডি ও পেজে সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিকসহ তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের বিষয়টি তার নজরে আসে।

অভিযোগে আরও বলা হয়, এসব পোস্টে তার ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবার, স্বজন ও পরিচিতদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

জিডির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কয়েকটি পোস্টের লিংকও সংযুক্ত করা হয়েছে। 

অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করেন, এসব তথ্য আরও ছড়িয়ে পড়লে তার সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ঘটনায় ভবিষ্যতে আরও অপপ্রচার ও ক্ষতির আশঙ্কা প্রকাশ করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রচারিত পোস্টগুলোর উৎস শনাক্ত, প্রকৃত ঘটনা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার নথি অনুযায়ী, ২৬ আগস্ট ২০২৬ তারিখে জিডিটি গ্রহণ করা হয়েছে। জিডি নম্বর ২৯৫১।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “আমরাই বাংলাদেশসহ কয়েকটি ফেসবুক আইডিতে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি সিআইডির সাইবার ইউনিটে পাঠানো হবে। সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!