ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির সভা থেকে কথিত সাংবাদিক মো. শহিদুল ইসলামকে বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিএনপির সভা-সমাবেশে তাকে বয়কটের ঘোষণা করেছে বিএনপি। স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকেও তাকে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের ভাঙ্গা উপজেলা সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় পরিচয়পর্বে মো. শহিদুল ইসলাম নিজেকে ‘দৈনিক প্রলয়’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে পরিচয় দেন। তার পরিচয় জানার পর সভায় উপস্থিত কয়েকজন সাংবাদিক ও বিএনপি নেতার মধ্যে আপত্তি ও প্রতিবাদের সৃষ্টি হয়।
অভিযোগ করা হয়, ২০১৭ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তাদের পরিবারের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন এবং বিভিন্ন মানহানিকর বক্তব্যের সঙ্গে শহিদুল ইসলাম সম্পৃক্ত ছিলেন। ওই সময় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘এতিমের টাকা আত্মসাৎ’-সংক্রান্ত বক্তব্য ও ব্যানার ব্যবহার করে মানববন্ধন করা হয়েছিল। এঘটনায় তার বিরুদ্ধে ময়মনসিংহে মামলা হলে পিবিআই ঘটনা তদন্ত করে সত্যতা পেয়ে শহিদুল ইসলামসহ ৭০/৮০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তার বিরুদ্ধে দুটি মামলায় ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
এ ছাড়া শহিদুল ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। সংশ্লিষ্টদের অভিযোগ অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা, ময়মনসিংহে তিনটি, কক্সবাজার ও চট্টগ্রামে আরও দুটি মামলাসহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে বলেও দাবি করা হয়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাঙ্গা আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল তার উপস্থিতিতে আপত্তি জানান এবং তাকে সভাস্থল থেকে বের হয়ে যেতে বলেন। পরে তাকে সভাস্থল থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনার পর ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বিএনপির সব সভা-সমাবেশে শহিদুল ইসলামকে বয়কটের ঘোষণা দেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ।
এদিকে, এ ঘটনায় গতকাল ভাঙ্গা থানায় শহিদুল ইসলামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সভায় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকেও শহিদুল ইসলামকে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :