মহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম

মহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. এনামুল হক সরদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সভাপতি মো. সেকেন্দার আলী, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, হাতুড় ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. জহুরুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, সফাপুর ইউপি চেয়ারম্যান মো. সামশুল আলম বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, কৃষক দল, যুব দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা সদর।

র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Link copied!