জান্নাতের টিকিট বিক্রিতে সুবিধা না পেয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে ’: আমান

নাজিউল্লাহ ভূইয়া , কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০০ পিএম

জান্নাতের টিকিট বিক্রিতে সুবিধা না পেয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে ’: আমান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ‘জান্নাতের টিকিট বিক্রি করে যারা এতদিন সুবিধা নিয়েছে, তারা এখন সেই সুবিধা না পেয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে।’ কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে জনগণের ভোটের রায়কে ব্যাহত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপি ও তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের এই রায়ই গণতন্ত্রের মূল শক্তি। যত ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত কিংবা অপচেষ্টাই করা হোক না কেন, জনগণের ভোটের রায় ব্যাহত করা সম্ভব হবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর কোনো ফ্যাসিবাদী শক্তির পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির পৃথিবীর ইতিহাসে নেই। জনগণের আন্দোলনে একবার পরাজিত হওয়ার পর স্বৈরাচারী শক্তি আবার ক্ষমতায় ফিরতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না।

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে আমান বলেন, দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে। বিএনপির নেতাকর্মীরাও মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে ছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারী শাসনের পতন হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় দেশের জনগণই ফ্যাসিস্ট হাসিনাকে তাঁর মন্ত্রী-এমপিসহ দেশ থেকে বের করে দিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যাসিবাদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার ও জনগণের অধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের একদফা আন্দোলনের ডাকে দেশের ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে আমান উল্লাহ আমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করা হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা চালু করা হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে প্রয়োজন অনুযায়ী নতুন গ্যাসকূপ খনন ও বিদ্যুৎ গ্রিড সম্প্রসারণ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় ৪০টি নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে।

তিনি ঢাকা-২ আসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতামুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে র‌্যালিটি ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে শুরু হয়ে মধু সিটি হয়ে ঝাউলাহাটি মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

র‌্যালিতে কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, দপ্তর সম্পাদক জানে আলম সুমন, যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান রিপন,ছাত্র নেতা সাইফুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কথা তুলে ধরেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশকে কেন্দ্র করে ঘাটারচর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

Link copied!