ফখরুল ইসলাম, চান্দিনা : কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নম্বর গল্লাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শংকর চন্দ্র সরকার। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এসব সংস্কারকাজে অংশ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) গল্লাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় একটি চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারকাজে নিজে উপস্থিত থেকে অংশ নেন চেয়ারম্যান পদপ্রার্থী শংকর চন্দ্র সরকার। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে নিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ইট, বালি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সংস্কারকাজে সহযোগিতা করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হোসেনপুর এলাকার ওই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন বয়সী মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি ও কাদার কারণে এই দুর্ভোগ আরও বেড়ে যায়।
রাস্তা সংস্কারের বিষয়ে শংকর চন্দ্র সরকার বলেন, ‘এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগের মধ্যে ছিলেন। মানুষের এই কষ্টের কথা চিন্তা করেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই মানুষের কল্যাণে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার সামর্থ্য অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করে যেতে চাই।’
এলাকাবাসীরা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে তাদের ভোগান্তি ছিল। বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে সমস্যা হতো। চেয়ারম্যান হওয়ার আগেই একজন প্রার্থী সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসায় তারা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘জনপ্রতিনিধি হওয়ার আগেই মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসা প্রশংসনীয়। রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা তাকে ধন্যবাদ জানাই।’স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শুধু নির্বাচনী সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :