সোনাতলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ পিএম

সোনাতলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফাইল ফটো

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর ছাত্রদল। শনিবার সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এম এস গ্লাস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম (টিটু)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা পৌর বিএনপির সহ-সভাপতি এটিএম গোলাম রাকিব, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, উপজেলা জিয়া পরিষদের সদস্য সচিব সাজেদুর রহমান সুমন, সোনাতলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, সরকারি আজিজুল হক কলেজের সদস্য সচিব রাফিউল ইসলাম আল-আমিন এবং সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালুহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। তারা শিক্ষার্থীদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলা, লেখাপড়া ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া জীবনে সফল হতে বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ মেনে নিয়মিত পড়াশোনার পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮৪ জন শিক্ষার্থীর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সিয়াম সরিষা
Link copied!