মোঃ রেজাউল হক শাকিল ,ব্রাহ্মণপাড়া : কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ বোতল স্কাফ সিরাপ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে দ্রুত বিচার আইনের মামলার পলাতক আসামি গাজী মো. শাহীনকে (৩০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া এসআই (নিঃ) ডি.এম.এ মজিদ অভিযান চালিয়ে দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট-এর মামলার জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. এনামুল হককে (৪৫) গ্রেফতার করেন।
অপরদিকে, এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় হুইস্কিসহ কাজী সারোয়ার (২৮) ও মো. মাহফুজ মিয়াকে (৩৬) আটক করেন। এসআই (নিঃ) মো. শামীম হোসেনের নেতৃত্বে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া এসআই (নিঃ) মো. শামীম হোসেন ও এএসআই (নিঃ) মো. নুর-আল-আহসান মাধবপুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. সজিব মিয়াকে (২২) হাতেনাতে গ্রেফতার করেন।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :